ক্যাটাগরি

পাচারকারীর তথ্যে ইয়াবার কারবারিকে গ্রেপ্তার

মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত আলী নামের ওই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ওরফে ইমতিয়াজ (২০) নামের এক যুবককে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

আনুমানিক ৪৫ বছর বয়সী গ্রেপ্তার লিয়াকত রোহিঙ্গা ক্যাম্পে লিয়াকত মাঝি নামে পরিচিত। তিনি উখিয়া খাইয়ংখালী মইন্যার ঘোনা ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আর ইমতিয়াজের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইকপাড়া এলাকায়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে নতুন রেল স্টেশনের প্রবেশ মুখ থেকে ইমতিয়াজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে সঙ্গে ব্যাগ থেকে আট হাজার ইয়াবা বের করে দেয়।

“ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদে সে জানায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত মাঝির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে তথ্য নিয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল উখিয়া যায়। উখিয়া থানা পুলিশের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত মাঝিকে গ্রেপ্তার করা হয়।”