এরা হলেন- মো. জাকারিয়া
ও একরামুল হক রাজু।
গত রোববার থেকে ধারাবাহিক
অভিযানে রংপুর ও গাজীপুর জেলা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সাইবার
অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েববেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা
অফিস এলাকায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার
(ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
গ্রেপ্তার দুজনের কাছ
থেকে ফেইসবুক চালানোর ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত বিকাশ
অ্যাকাউন্ট নম্বরের সিম কার্ড উদ্ধার করা হয় বলে হাফিজ আক্তার জানান।
তিনি বলেন, “ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে নিজেকে মেয়র
পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে এরা।
পরে ওই টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে।
“গ্রেপ্তারকালে জব্দকৃত
মোবাইলে Shekh
Fazle Noor Taposh নামের ভুয়া ফেইসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।”
এই প্রতারণার বিষয়ে
মেয়র তাপসের এপিএস মনিরুল ইসলাম গত ১ জানুয়ারি শাহবাগ থানায় অভিযোগ করেন। পরে আসামিদের
বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে গোয়েন্দা বিভাগ।
এ ধরনের আরেকটি চক্রের
সদস্য সন্দেহে সাইফুল ইসলাম নামের একজনকে রোববার
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।
এতে বলা হয়, সাইফুলের
কাছ থেকে ফেইসবুক আইডি হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ
এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, বিভিন্ন অপরেটরের সাতটি সিম উদ্ধার করা
হয়।
এই চক্র নিয়ে গোয়েন্দা
পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “এরা প্রথমে বিভিন্ন লোভনীয় প্রস্তাব সম্বলিত
‘ফিশিং লিংক’ তৈরি করে টার্গেট ফেইসবুক আইডির মেসেঞ্জারে (বিশেষ করে নারীদের) পাঠায়।
ওই লিংকে ক্লিক করে সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী তথ্য দেওয়া মাত্রই ব্যবহারকারীর
ফেইসবুক আইডিটি এ চক্রের নিয়ন্ত্রণে চলে যায়।
“এরপর তারা ওই আইডি
থেকে ওই ব্যক্তির ফেইসবুক বন্ধুদের মেসেঞ্জারে নক করে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ধার
চায় এবং টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নম্বর দেয়। এভাবে চক্রটি ফেইসবুক আইডি হ্যাক
করে ভিকটিমদের পরিচিতজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।”
গ্রেপ্তার সাইফুলের
বিরুদ্ধে লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়।