ক্যাটাগরি

উন্নয়নের ’ব্র্যান্ডিংয়ে’ সাংস্কৃতিক কর্মীদেরও চান পররাষ্ট্রমন্ত্রী

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ এখন আর দারিদ্র্য পীড়িত দেশ নয়। আমাদের সম্পর্কে বহির্বিশ্বে একটি ভ্রান্ত ধারণা আছে, তা হলো- বাংলাদেশ একটি দারিদ্র্যক্লিষ্ট এবং ঘূর্ণিঝড় কবলিত একটি তলাবিহীন ঝুড়ি।

”কিন্তু বাংলাদেশ এখন একটি অগ্রসরমান ও সম্ভাবনাময় অর্থনীতি। ইট ইজ আ ল্যান্ড অব অপরচুনিটিজ। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘সুরের ধারা’ আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন মোমেন।

বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতি’ চালু করেছে জানিয়ে তিনি বলেন, “বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লোভনীয় গন্তব্য- এ বিষয়টি আমরা আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাই।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

”করোনা মহামারীর মধ্যেও আমাদের রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এ সময়ে এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ, যা ৫ দশমিক ২৪ শতাংশ।”

সুরের ধারার অধ্যক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা অনুষ্ঠানে বলেন, “গত মার্চ থেকে আমরা গৃহবন্দি৷ এ সময় আমাদের শারীরিক স্থবিরতা থেকে মানসিক স্থবিরতা বৃদ্ধি পেয়েছে৷ এটা কাটানোর জন্যই এ আয়োজন।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে সুরের ধারার শিশু শিক্ষার্থীরা গেয়ে শোনায় ‘মাটি তোদের ডাক দিয়েছে’৷ এরপর একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন জয়ন্ত আচার্য, কৃষ্ণকান্ত আচার্য ও দিয়া৷

‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী নয়নতারা ও সারিনা। ‘নতুন ধানের চিড়া’ গানের সঙ্গে নৃত্যে ছিলেন শুচিতা ও সাউদা।

পৌষ উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ; খড় ও বাঁশের বেড়া দিয়ে গ্রাম্য আদলে তৈরি করা ঘরের সামনে ছিল ছবি তোলার ব্যবস্থা।

শীতকালীন পিঠা-পুলি থেকে শুরু করে বাঙালির ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, রাজশাহী ও টাঙ্গাইলের সিল্কও প্রদর্শন করা হয় সেখানে।