বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
খন্দকার আব্দুল মান্নান
খন্দকার মান্নানের ছেলে তানজীর মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার বাবা। সেরেও ওঠেন।
“কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছিল। কিন্তু আবার অসুস্থ হলে কয়েকদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
মান্নানের বাড়ি মানিকগঞ্জের নবগ্রামে। আর ঢাকার বাড়ি ছিল লক্ষ্মীবাজারের ১০৩ হৃষিকেশ দাস রোডে।
মান্নান ৪০ বছরের বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত ছিলেন।
তার ঘনিষ্ঠ আইনজীবী দুলাল মিত্র জানান, খন্দকার মান্নান ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। তিনি বৃহত্তর ঢাকা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতিও ছিলেন।
খন্দকার মান্নান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ঢাকা জেলা ইউনিটের সভাপতি ছিলেন।
একাত্তরের ঘাতক, দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।