ক্যাটাগরি

পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ

দুই ম্যাচের এই সিরিজের জন্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
২০ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। এর মধ্য থেকে প্রথম টেস্টের আগে ঘোষণা করা হবে ১৬
জনের দল। আগামী ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। আগামী মঙ্গলবার জৈব সুরক্ষা
বলয়ে প্রবেশ করবে দল।

অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটাররা হলেন-ওপেনার আব্দুল্লাহ
শফিক ও ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, সালমান আলি আগা ও সউদ শাকিল,
স্পিনার নুমান আলি ও সাজিদ খান এবং ফাস্ট বোলার হারিস রউফ ও তাবিস খান। ২০২০-২১ ঘরোয়া
মৌসুমে ভালো করার পুরস্কার পেলেন তারা।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন
হাসান আলি। কায়েদ-ই-আজম ট্রফিতে ৪৩ উইকেট ও ২৭৩ রানের সৌজন্য জিতেছিলেন টুর্নামেন্ট
সেরার পুরস্কার।

ওই টুর্নামেন্টে ২২ উইকেট ও ৭৪৪ রান করা বাঁহাতি স্পিনার
মোহাম্মাদ নেওয়াজও ফিরেছেন দলে। সবশেষ তিনি টেস্ট খেলেন ২০১৬ সালে শারজাহতে, ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে।

সবশেষ ক্রাইস্টচার্চ টেস্টের দল থেকে বাদ পড়েছেন হারিস
সোহেল, মোহাম্মাদ আব্বাস, শান মাসুদ ও জাফর গহর। এছাড়া হ্যামস্ট্রিং চোটের কারণে নেই
নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
পাকিস্তান টেস্ট দল:

আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম,
কামরান গুলাম, সালমান আলি আগা, সউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মাদ নেওয়াজ, মোহাম্মাদ
রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), সরফরাজ আহমেদ (উইকেটকিপার), নুমান আলি, সাজিদ খান,
ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, তাবিস খান।