বিশ্লেষকরা ধারণা করছেন, গ্যালাক্সি এস২১ সিরিজে এস পেনের সংযোজন ইঙ্গিত দিচ্ছে যে, অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোন সিরিজেও স্টাইলাস যোগ করতে পারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷ ইতোমধ্যেই নোট সিরিজে রয়েছে এই ফিচার৷
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্ষুদ্র বাজারের বদলে এবার হাই-এন্ড ফোল্ডএবল স্মার্টফোনগুলোকে বড় বাজারের জন্য আনতে পারে স্যামসাং৷
তিনটি মডেলে এস২১ সিরিজ উন্মোচন করেছে স্যামসাং৷ সাধারণ এস২১-এর পর্দা ৬.২ ইঞ্চি, এস২১ প্লাসের পর্দা ৬.৭ ইঞ্চি এবং এস২১ আল্ট্রা মডেলের পর্দা ৬.৮ ইঞ্চি৷
এস পেন সমর্থন করবে শুধু এস২১ আল্ট্রা সংস্করণে৷
এস২১ সিরিজে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৮৮ বা এক্সিনস ২১০০ প্রসেসর৷ আর ডিভাইসগুলোতে র্যাম থাকবে ১২ বা ১৬ গিগাবাইট৷
গত মাসে কোয়ালকম জানিয়েছে, ৫জি এই চিপগুলো উৎপাদন করবে স্যামসাংয়ের চিপ নির্মাণ বিভাগ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২১ এর দাম শুরু হচ্ছে ৭৯৯.৯৯ মার্কিন ডলার থেকে, প্লাস সংস্করণের দাম ৯৯৯.৯৯ ডলার এবং আল্ট্রা সংস্করণের দাম ১১৯৯.৯৯ ডলার৷
২৯ জানুয়ারিতে ডিভাইসগুলো বাজারে আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷
চীনা হুয়াওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার মুখে পড়ার পর স্যামসাং বাজারের দখল আরও বাড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছন বিশ্লেষকরা৷
কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক সুজেয়ং লিম বলেছেন, হুয়াওয়ের বাধাকে কাজে লাগাতেই কিছুটা আগে গ্যালাক্সি এস২১ উন্মোচন স্যামসাংয়ের একটি কৌশল হতে পারে৷