ক্যাটাগরি

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

হতাহত সবাই বাসের যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম।

নিহতদের একজন হলেন- জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে জামাল হোসেন (৪২)। অন্যজনের পরিচয় বলতে পারেনি পুলিশ।

জেলার শেরপুর উপজেলার ঘোগা বটতলা সেতু এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর থানার এসআই তন্ময় বর্মণ।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ট্রাকটিতে সিমেন্টের খুঁটি ছিল বলে তিনি জানান।

পরিদর্শক বানিউল আনাম বলেন, আহত ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে।