লম্বা বিরতির পর আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক
ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে খেলবে দুটি টেস্ট। এরপর তিনটি
করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মার্চে নিউ জিল্যান্ড সফরের কথা রয়েছে তাদের।
এই দুই সিরিজ শেষেই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম ঘোষণা করার কথা জানালেন
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তাই আপাতত আগের চুক্তিই বহাল থাকছে
বলে রোববার জানান তিনি।
“প্রতি বছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু
এবছর যেহেতু আমরা ওই ধরনের পারফরম্যান্স দেখতে পারছি না, বিধায় যারা চুক্তিতে আছেন
তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ
আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব।”
গত বছরের মার্চে প্রথমবারের মতো লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বাংলাদেশের
বোর্ড। যেখানে ১৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। দুই দলে কেবল আছেন তামিম ইকবাল ও মুশফিকুর
রহিম। নিষিদ্ধ থাকার কারণে ছিলেন না সাকিব আল হাসান।