ক্যাটাগরি

এলাকার অনুষ্ঠানে কৃষকদের আসন সংরক্ষণের ঘোষণা মাশরাফির

সোমবার সকাল ১১টায় নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নে বোরো মৌসুমে রাজস্ব খাতের প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবসের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি কৃষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, “আমার সংসদীয় আসন নড়াইল ২ এ আপনাদের সম্মান প্রদান স্বরূপ গ্রাম-মহল্লা বা ইউনিয়নের যেকোনো প্রোগ্রামে আপনাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত করতে চাই।

“সেই চেয়ারে কে বসবেন তা আপনারাই নির্ধারণ করবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট আরজি এবং এই আসনটি গ্রহণ করে আমাকে উৎসাহিত করবেন। আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়া করবেন।”

এর আগে তিনি ক্ষুধাকে বিশ্বের সব চেয়ে বড় রোগ হিসেবে বর্ণনা করে বলেন, “যে সব মানুষ এই রোগের পথ্য তৈরিতে কাজ করেন তাদের জন্য যেকোনো বিশেষণই আমার কাছে খাটো মনে হয়। আমি মনে করি আপনারাই দেশের সেরা যোদ্ধা।”

মাশরাফির বক্তব্য দেওয়ার আগে স্থানীয় কৃষক লাল মোহাম্মদ মিয়াকে অনুষ্ঠানের অতিথিদের চেয়ারে বসিয়ে সম্মান জানানো হয়।

সে সময় লাল মোহাম্মদ বলেন,”আমাগে কৃষকগের জন্যি আমাগে প্রধানমন্ত্রী অনেক কাজ করতিছে। আর আমাগে মাইজপাড়ার ছাওয়াল আমাগে মাশরাফিও অনেক কাজ করতিছে।

“আজকে আমাগে চেয়ারে বসায় যে সম্মান দেওয়া হলো, তার জন্যি আমরা মাশরাফিরে ধন্যবাদ দিই, আর তার জন্যি দুয়া করি।”

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বেিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ জেলার নবাগত ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান।