ক্যাটাগরি

‘চ্যাম্পিয়ন’ ইব্রায় মুগ্ধ পিওলি

সেরি আয় সোমবার
স্বাগতিক কাইয়ারিকে ২-০ গোলে হারায় শেষ ১৬ মিনিট একজন কম নিয়ে খেলা মিলান। দুটি গোলই
করেন ইব্রাহিমোভিচ।

চোটের জন্য মৌসুমের
অনেকটা সময় দলের বাইরে ছিলেন সুইডিশ এই তারকা। একাদশে যখন থেকেছেন, নিয়মিতই গোল করে
রেখেছেন অবদান। কাইয়ারি ম্যাচ শেষে ইব্রাহিমোভিচকে প্রশংসায় ভাসান পিওলি।

“সে যা করে এর সবকিছুতেই সে চ্যাম্পিয়ন। তার দলে ফেরার
সঙ্গে আমাদের অন্যান্য কৌশলগত সম্ভাবনাও বেড়েছে। তাকে পেয়ে আমরা খুব খুশি।”

“সে এখনও আমাকে বিস্মিত করছে, যদিও তাকে এখন আমি ভালোমতোই
চিনি। আমাদের অবশ্যই তার কাছ থেকে সেরাটা আশা করতে হবে, কিন্তু আজ সে এর চেয়েও বেশি
কিছু করেছে।”

গত ২২ নভেম্বর নাপোলি
ম্যাচে ঊরুতে চোট পান ইব্রাহিমোভিচ। এরপর সোমবারের ম্যাচ দিয়েই ফেরেন শুরুর একাদশে।
সাত মিনিটের মাথায় স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন তিনি। এই গোলেই নিশ্চিত হয় শুরুর একাদেশ
জায়গা পাওয়া সবশেষ ৯ ম্যাচেই তার জালের দেখা পাওয়া।

দ্বিতীয়ার্ধেরও
সপ্তম মিনিটে সতীর্থের লম্বা পাস পেয়ে আসরে নিজের দ্বাদশ গোলটি করেন ইব্রাহিমোভিচ।
আসরে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ইউভেন্তুসের ক্রিস্তিয়ানো রোনালদো, ১৫টি। ম্যাচ
প্রতি ইব্রাহিমোভিচের গোলের গড় ১.৭৩।

ইব্রাহিমোভিচের
এমন পারফরম্যান্স এক দশকে প্রথম লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছে মিলানকে। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট
নিয়ে শীর্ষে আছে তারা, দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে এগিয়ে ৩
পয়েন্টে।

এক ম্যাচ কম খেলে
মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পাঁচে আছে টানা নয়বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।