ক্যাটাগরি

মির্জা কাদেরকে ‘পাগল’ বললেন সাংসদ নিক্সন

নির্বাচনী প্রচারকালে নানা মুখরোচক কথা বলে মির্জা কাদেরও ইতিমধ্যে মানুষের নজর কেড়েছেন। এমন একটি সভায় তিনি নিক্সন চৌধুরীর সমালোচনা করেছিলেন।

দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নিক্সন। সম্প্রতি গঠিত কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন তিনি। 

ইতিপূর্বে এই এমপি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ- নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যে পড়েন। এছাড়া ভাস্কর্য নিয়ে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে বক্তব্য দিয়েও আলোচিত হন।

রোববার বিকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন মেয়র আব্দুল কাদের মির্জার সমালোচনা করেন।

এই সভায় নিক্সন চৌধুরী বলেন, “আগে দুই একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এতবড় নেতাই হইছি এখন ভিনদেশি পাগল আমার উপর খ্যাপছে। তারে আমি কিছু কইছি? তারে আমি চিনি? জীবনে নাম শুনছি? সে কয় আমি ভোট ডাকাতি কইরা এমপি হইছি। পাগলা স্বপ্নে না দেখলে এমন কথা কইতে পারে না।”

মির্জা কাদেরকে ‘চেনেন না, জানেন না’ উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, “জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা আমি আপনারে কিছু কইছি কিনা?

“সরকারকে অনুরোধ করব এসব পাগল বাইরে রাখা উচিত না। যথাশীঘ্রই পাবনায় পাঠানো উচিত।”

ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাকী মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী প্রমুখ।

গত বৃহস্পতিবার নোয়াখালীতে নির্বাচনী প্রচারকালে নিক্সন চৌধুরীর সমালোচনা করেন আব্দুল কাদের মির্জা।

ওই সময় তিনি বলেছিলেন, “নিক্সন চৌধুরী সাহেব, আপনি বলেছেন চুনো পুঁটিদের কথা কে শোনে। শেখ হাসিনার কাছে যাওয়ার এদের কোনো সুযোগ নাই-কিছু বলারও সুযোগ নাই। তো নিক্সন চৌধুরী সাহেবরে জিগ্গাই- আপনার বয়স কত? হ্যাঁ এমপি হইছেন যে! আঁর [আমার] রাজনীতির বয়স হবেনি আপনার বয়স?

“ঠিক আছে আমি চুনোপুঁটি-আমরা গ্রামে থাকি। ভাষা অসুন্দর হলেও ঠিক আছে আমি মেনে নিলাম। আপনি ভালো মানুষটা আপনি আমাদের ত্যাগী নেতা জাফর উল্লা সাহেবের বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়াই এমপি হইছেন ভোট চুরি করি। দৈহিক শক্তি আছে, ওই আন্ডুগান্ডু এরা আছে এইজন্য আমনে ভোটে জিতছেন।”