মঙ্গলবার প্রেমিক মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের এই সুখবর নিজেই জানিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি।
এদিন হোয়াইট হাউজে তোলা একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, “পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক অনুষ্ঠান, মাইলফলক উদযাপন এবং নিত্যনতুন স্মৃতির প্রতিটি ক্ষণই ছিল সৌভাগ্যের। কিন্তু আমার প্রিয় মাইকেলের সঙ্গে বাগদানের চেয়ে আর কোনওকিছুই এত বিশেষ নয়। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর সইছে না!”
একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মাইকেল বুলোসও। সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদান সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।”
ছবিতে হোয়াইট হাউজের বারান্দায় কালো পোশাকে বুলোসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টিফানিকে; আঙুলে জ্বলজ্বল করছিল বাগদানের আংটি।
সিএনএন জানায়, টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। প্রথমদিকে ক্যালিফোর্নিয়ায় ম্যাপলসের কাছেই বেড়ে উঠেছেন তিনি।
২০২০ সালের মে মাসে টিফানি জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক পাশ করেছেন। বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেকটা আড়ালেই ছিলেন টিফানি।
তবে গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিয়ে প্রথমবারের মতো রাজনীতির মঞ্চে আসেন তিনি। বাবা ট্রাম্পের জন্য সে সময় প্রচার চালিয়েছিলেন টিফানি।
অন্যদিকে, টিফানির প্রেমিক মাইকেল বুলোস এক ধনী শিল্পপতির ছেলে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে উপস্থিত ছিলেন তিনি। এর পর থেকে বিদায়ী প্রেসিডেন্টের নানা কর্মসূচিতেও দেখা গেছে তাকে।