বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে কারখানায়
অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়েছে।
জাহিন স্পিনিং জানিয়েছে, আড়াইহাজারে অবস্থিত তাদের কারখানায়
মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্লো রুম, কার্ডিং, ড্রইং,
সিমপ্লেক্স, অটোকোন, জনারেটর, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং শেড ও ওয়ার হাউজে ।
ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বললেও তার আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে
জানাতে পারেনি জাহিন স্পিনিং।
বুধবার ঢাকার পুঁজিবাজারে জাহিন স্পিনিংয়ের শেয়ারের দাম ছিল
৬ টাকা ৫০ পয়সা। অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার তার ৬ টাকা ৩০ পয়সায় নেমে আসে।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে
লেনদেন হচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে।
কোম্পানিটি ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে মুনাফা করলেও ২০১৯-২০
অর্থবছরে লোকসান করে ৩৮ কোটি ৫৮ লাখ টাকা, শেয়ারধারীদের লভ্যাংশও দেয়নি।
পুঁজিবাজারে জাহিন স্পিনিং লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার
৩৬৯টি শেয়ার আছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪১ দশমিক ১৫ শতাংশ শেয়ার।
জাহিন স্পিনিং লিমিটেডের বাজার মূলধন ৭৩ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানির
পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ঋণাত্বক ১৩ কোটি ৯৪ লাখ টাকা।