সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার বাব আল-শারকির তায়ারান চত্বরের একটি কাপড়ের বাজারে দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেন।
২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি; তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের এ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পূর্বে এ ধরনের হামলা চালাতে দেখা গেছে।
২০১৭ সালের শেষদিকে ইরাক সরকার আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের ঘোষণা দেয়; কিন্তু জঙ্গি গোষ্ঠীটির ‘স্লিপার সেল’ এখনও ইরাকের বিভিন্ন এলাকায় সক্রিয় আছে।
ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রাসুল বলেছেন, বৃহস্পতিবারের হামলাটি দুই আত্মঘাতী জঙ্গি চালিয়েছে।
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অনুসরণ করছিল, এক পর্যায়ে ওই দুইজন বাব শারকি এলাকার ভেতর গিয়ে আত্মঘাতী হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জোড়া বোমা হামলার পর মাটিতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় ও আহতদের বাগদাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।