ক্যাটাগরি

১৪৪ ধারা ভেঙে কমিটি ঘোষণার সম্মেলনে এমপি শহিদুল

লালপুর উপজেলার শেখচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার
কদিমচিলান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম
বৃহস্পতিবার বেলা ২টায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করেন।

একই মাঠে একই সময় বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম
রেজা দলের বিশেষ বর্ধিত সভা ডাকেন।

এই প্রেক্ষাপটে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল
বানীন দ্যুতি ওই মাঠের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি
করা হবে বলে মাইকে প্রচারও চালানো হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।

তার মধ্যেই মাজেদুল ইসলামের ডাকা সম্মেলনে উপস্থিত হয়ে নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল কমিটি ঘোষণা করেন বলে স্থানীয়রা জানায়।

তবে শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪৪ ধারা জারির
করার বিষয়টি আগে জানতাম না। মাঠে ঢুকে কমিটি ঘোষণার সময় জানতে পারি। তখন আমি সেখান
থেকে ফিরে আসি।”

সংসদ সদস্য মাঠে গেলেও ১৪৪ ধারা জারির কথা শুনে ফিরে যান বলে জানিয়েছেন
লালপুর থানার ওসি মো. সেলিম রেজা।

তিনি বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল। সংসদ সদস্য আকস্মিকভাবে
এসে পড়েন। তার সঙ্গে সঙ্গে কিছু লোকও ঢুকে পড়ে। তখন তাকে ১৪৪ ধারা জারির কথা জানালে
তিনি ফিরে যান।”