সারি লঙ্ঘন করে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আগেভাগে টিকা নিয়ে নিয়েছেন, এমন খবর প্রকাশের পর স্পেনজুড়ে জনরোষ দেখা দিয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিগেল আঙ্খেল ভিয়ারোয়াও রয়েছেন বলে শুক্রবার খবর হয়।
প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবলেস জেনারেল ভিয়ারোয়ার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পর শনিবার তিনি পদত্যাগ করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তার পদত্যাগের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে স্পেনের প্র্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দিলেও ভিয়ারোয়া টিকা নিয়েছেন তা স্পষ্ট করে বলেনি।
বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে ও জেনারেলের সম্মানকে সন্দেহের মধ্যে ফেলতে পারে এমন অসঙ্গত সুবিধা নেওয়ার মনোভাব জেনারেল ভিয়ারোয়া কখনও দেখাননি।”
এতে আরও বলা হয়, “ভিয়ারোয়া সিদ্ধান্ত নিয়েছেন যা তিনি ঠিক বলে মনে করেছেন, তবে এতে জনমানসে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ভিয়ারোয়ায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
স্পেনে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে গণমাধ্যমকে দেওয়া দৈনিক ব্রিফিংয়ে সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন ভিয়ারোয়া। এসব ব্রিফিংয়ে সেনারা কীভাবে কেয়ার হোমগুলো পরিষ্কার করছে ও এর বয়স্ক বাসিন্দাদের সেবা করছে সেগুলোর বিস্তারিত তুলে ধরতেন তিনি।
কিন্তু সরকারি কর্মকর্তারা সারি লঙ্ঘন করে করোনাভাইরাস টিকা নিয়ে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বহু স্পেনীয়।
টুইটারে এক ব্যবহারকারী বলেছেন, “জেনারেল ভিয়ারোয়া ও অন্যান্য সহকর্মীরা, আমার সঙ্গীর বয়স ৬৭ বছর, তার অ্যালঝাইমার রয়েছে ও তিনি অন্ধ। আমরা টিকার জন্য অপেক্ষা করছি। একজন কেরানি ও একজন সাবেক নার্স আর আমরা প্রথম দলে আছি। তোমরা কি বেশি গুরুত্বপূর্ণ?”
ডিসেম্বরের শেষ দিক থেকে স্পেনে ফের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দেশটিতে ৪২ হাজার ৮৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লাখে পৌঁছে গেছে।
ওই দিন আরও ৪০০ জনের মৃত্যু হয়েছে, এতে মোট মৃত্যুর সংখ্যা ৫৫ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে।