ক্যাটাগরি

‘চাকর-বাকর’ দিয়ে এই নির্বাচন কমিশন: রিজভী

চট্টগ্রামে
ভোটের আগেরদিন মঙ্গলবার দুপুরে এক দোয়া মাহফিলের আলোচনায় তিনি বলেন, “চট্টগ্রামে ৬৯
জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল কেন? আমাদের প্রার্থী ডা. শাহাদাত বিবৃতি
দিয়েছেন, ৬৯ জন নাই, তুলে নেওয়া হয়েছে আগেই। আর ২০ জনের লিস্ট দেওয়া হয়েছে,
তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

“কই আওয়ামী
লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি, কারও বিরুদ্ধে তো মামলা দেওয়া হয়নি। আর
চট্টগ্রামে এক হাজার বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের
প্রার্থীর স্টেটমেন্ট।”

নির্বাচন
কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, “নির্বাচন কমিশন কি? ওটা তো ফালতু,
চাকর-বাকর দিয়ে এই কমিশন।”

প্রধান
নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা
বিক্রি করেছেন…আপনি বলে আমলা ছিলেন, ডিসি
ছিলেন। এতো বড় ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

“আপনার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ
করেছেন আর আপনি নির্বাক। কীসের জন্য নির্বাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার
পেছনে আছে। অতত্রব নির্বাচন নিয়ে, ভোট নিয়ে যত অনাচার, যত অবিচার সব করা যাবে- এজন্য
প্রধান নির্বাচন কমিশনার কোনো তোয়াক্কা করছেন না।”

রিজভী
বলেন, “নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোটের দরকার নাই। উনার (সিইসি) কিছু লোককে
প্রশিক্ষন দেবে- এজন্য টাকা বরাদ্দ দরকার, ইভিএমের মতো জালিয়াতির মেশিন কিনতে হবে সেজন্য
টাকা দরকার। এই টাকা লোপাট করবে প্রধান নির্বাচন কমিশনার ও তার অন্যান্য ঘনিষ্ঠ
লোকেরা। এই কাজে সিইসি ব্যস্ত, উনি সুষ্ঠু নির্বাচনে ব্যস্ত নন।”

বিএনপির
এই নেতা আরও বলেন, বাপ্পীরা (নিউমার্কেট ছাত্রদলের নেতা শহীদ মাহবুবুর রহমান
বাপ্পী) যারা জীবন দিয়ে গণতন্ত্রের পতাকা হয়েছে। তাদের অবদানকে সামনে রেখে আমাদের
এগোতে হবে।”

জাতীয়তাবাদী
ছাত্রদল পূর্বের উদ্যোগে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও নিউ
মার্কেট থানা ও ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর ষষ্ঠ
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই দোয়া
মাহফিল হয়।

ছাত্রদল
পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস
উদ্দিন মানিকের পরিচালনায় দোয়া মাহফিলে মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম
সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, ছাত্রদলের
সভাপতি ফজলুর রহমান খোকন, প্রয়াত বাপ্পীর বোন ঝুমুর বক্তব্য রাখেন।