আগামী মাসে নিউ জিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের
টেস্ট সিরিজের জন্য বুধবার দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই সফরে যাবে সম্পূর্ণ
ভিন্ন দুটি দল। তাই নবীন ক্রিকেটার, অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারের পাশাপাশি দলে
ফেরা ক্রিকেটারের তালিকাও বেশ লম্বা।
ভারতের বিপক্ষে ৪ টেস্টে সুযোগ পেয়েও ভালো করতে না পারায় টেস্ট দলে থেকে
বাদ পড়েছেন ম্যাথু ওয়েড। নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক থাকবেন এই
কিপার-ব্যাটসম্যান। সীমিত ওভারের নিয়মিত কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি সুযোগ
পেয়েছেন টেস্টে। ভবিষ্যতে টিম পেইনের জায়গা নেওয়ার পথে তার যাত্রা শুরু বলা যায় এই
সফর থেকে। পাশাপাশি প্রয়োজনে স্রেফ ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারবেন চলতি বিগ ব্যাশে
দুর্দান্ত ফর্মে থাকা কেয়ারি।
দুই দল মিলিয়ে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত তানভিরই। তার বাবা জগা সিং ভারতের
পাঞ্জাব থেকে নব্বই দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান একটু উন্নত জীবনের আশায়।
সিডনিতে তিনি ট্যাক্সি চালান। মা উপজিত সিং কাজ করছেন হিসাবরক্ষক হিসেবে। তানভিরের
জন্ম-বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। ছেলেবেলায় যদিও পাঞ্জাবে গিয়েছেন অনেকবার।
ক্রিকেট জীবনের শুরুতে তানভির হতে চেয়েছিলেন ফাস্ট বোলার। কিন্তু বলে গতি
ছিল না বলে কোচরা তাকে পরামর্শ দেন স্পিনার হতে। তিনি অফ স্পিন শুরু করেন। কিন্তু এবার
বাধার মুখে পড়েন, তার আঙুলগুলো খুব লম্বা নয় বলে। শেষ পর্যন্ত তাই ১৩ বছর বয়সে মন দেন
লেগ স্পিনে। কবজির মোচড়েই খুঁজে পান ক্রিকেটে নিজের অস্তিত্ব। বয়সভিত্তিক ক্রিকেটে
নিজেকে মেলে ধরে জায়গা করে নেন গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে।
টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন ২৭ বছর বয়সী পেসার মার্ক স্টেকেটি। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া।
যুব বিশ্বকাপে ৬ ম্যাচে তার শিকার ছিল ১৫ উইকেট, টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ
উইকেট শিকারি ছিলেন তিনি। বিগ ব্যাশ চুক্তি পেয়ে যান আরও অনেক আগেই। মাত্র ১৭ বছর বয়সে
সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করে তিনি ছিলেন এই ফ্র্যাঞ্চাইজির সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ
ক্রিকেটার।
বিগ ব্যাশে তানভিরের অভিষেক হয়েছে যদিও চলতি আসরেই। অভিষেকে দারুণ বোলিংয়ে
২ উইকেট নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৪ ম্যাচে চলতি আসরে তার শিকার ২১ উইকেট,
এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার। এই পারফরম্যান্সেই সুযোগ
মিলে গেল জাতীয় দলে। লেগ স্পিনের সঙ্গে তার অস্ত্র ভাণ্ডারে আছে দারুণ টপ স্পিনার ও
গুগলি।
সম্প্রতি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং উচ্ছ্বসিত প্রশংসা করেন তানভিরের।
পাশাপাশি সতর্ক করে দেন এখনই প্রত্যাশার ভার চাপিয়ে দেওয়া নিয়ে। আপাতত মূল স্পিনার
অ্যাডাম জ্যাম্পার বিকল্প থাকবেন তানভির।
বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করেই টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার জাই রিচার্ডসন।
১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার
২৪ বছর বয়সী এই পেসার।
এই বিগ ব্যাশেই দারুণ বোলিং করে চলেছেন স্টেকেটি। ১৩ ম্যাচে তার শিকার ২৩
উইকেট। তবে টেস্ট দলে ২৭ বছর বয়সী এই পেসারের জায়গা হয়েছে মূলত অস্ট্রেলিয়া ‘এ’ দলের
হয়ে কিছুদিন আগে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে। একটি ম্যাচে ভারতীয় ব্যাটিং
কাঁপিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি, ভালো করেছিলেন আরেক ম্যাচেও।
ভারতের বিপক্ষে সিরিজের মাঝপথে জায়গা হারানো ট্রাভিস হেড ফিরেছেন দলে। চোট
কাটিয়ে ফিরেছেন উইল পুকোভস্কি ও জেমস প্যাটিনসন। টিকে গেছেন ওপেনার মার্কাস হ্যারিস।
ন্যাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
নিউ জিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ ফেব্রুয়ারি।
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে খেলা হবে
ফেব্রুয়ারি-মার্চে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি
দল :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (সহ-অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ,
মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, জাই রিচার্ডসন,
কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভির স্যাঙ্ঘা, ডার্সি শর্ট, মার্কাস র্স্টয়নিস,
অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়ার টেস্ট
দল : টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স
কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকস,
মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ
স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকেটি, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।