ক্যাটাগরি

বগুড়ায় ৫ জনের মৃত্যু, স্পিরিট পানে কিনা জানতে তদন্ত

সোমবার ভোররাত থেকে
সকালের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ায় এ মৃত্যুর
ঘটনাগুলো ঘটেছে।

প্রয়াতরা হলেন, পুরান
বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন ( ৩৮), কাটনার
পাড়ার টোকাপট্টির চা দোকানদার সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০) এবং ফুলবাড়ি সরকার পাড়ার
আব্দুল জলিল (৬৫)।

বগুড়া সদর ওসি
হুমাযুন কবীর বলেন, মদ পানের পর মারা যাওয়ার খবর শুনেছি। তবে কী কারণে মারা গেছে
তা জানতে মৃতদের প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

“বিষাক্ত মদ পানে তারা
মারা গেছেন কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, পুরান বগুড়ার তিন
মাথা এলাকার বাসিন্দা হরি নাথ বলছেন, রোববার রাতে এলাকায় একজনের
বিয়ের অনুষ্ঠানে গিয়ে কয়েকজন হোমিও দোকান থেকে আনা রেকটিফাইড
স্পিরিট পান করেন। তারা রাতে বাড়ি ফেরার পর সুমন, তার বাবা প্রেমনাথ, চাচা
রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। 

ভোরে তাদেরকে বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত
চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া রমজান স্থানীয় এক ক্লিনিকে মারা যান বলেন
তিনি।

মদপানে অসুস্থ দুই ভাই
প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানান হরি নাথ। 

অপরদিকে, বগুড়া পৌরসভার
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলছেন, শহরের কালিতলার
কালিতলা বাজারে রেকটিফাইড স্পিরিট পান করে সাজু, মোজাহার এবং আব্দুল জলিল। রাতে
বাড়ি ফিরে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।