ক্যাটাগরি

আল জাজিরা বয়কটের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

শুক্রবার বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনের এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

আয়োজক সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, “হলুদ সাংবাদিকতার চরম সীমায় পৌঁছেছে আল জাজিরা। ওরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহলের মদদে জঘন্য মিথ্যাচার করেছে। এজন্য আন্তর্জাতিক আদালতে এদের বিরুদ্ধে মামলা করতে হবে।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনাম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।

এর আগে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বিক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এতে বলেন, “প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা খুশি তা করবেন। আল জাজিরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। বাংলাদেশে আল জাজিরাকে নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও ব্যবস্থা নিতে হবে।”

আরও বিবৃতি দেন ‘আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের’ সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’১৯৭১’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও ‘বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের’ প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।

 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!