দেশটির ৫০টি রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল ও সম্প্রতি মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ এ মঙ্গলবার রাতে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে যায়।
অপরদিকে গত বসন্তে মহামারীর প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক রাজ্য এ পর্যন্ত ৪৪ হাজার ৬৯৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য সচিব ডা. মার্ক গালি বলেন, “কোভিড-১৯ যে একটি প্রাণঘাতী ভাইরাস মৃত্যুর এ সংখ্যা দুঃখজনকভাবে তা মনে করিয়ে দিচ্ছে।”
গত বছরের শেষে দেশজুড়ে ফের সংক্রমণ বাড়ার সময়টিতেই প্রায় চার কোটি জনসংখ্যার ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে মহামারীর নতুন কেন্দ্রস্থল হয়ে ওঠে।
মোট মৃত্যুর সংখ্যায় শীর্ষ উঠলেও প্রতি লাখে মৃত্যুর সংখ্যায় দেশটির রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া ৩২তম স্থানে আছে। এখানে প্রতি লাখে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে প্রতি লাখে ২৪৮টি মৃত্যু নিয়ে নিউ জার্সি এ তালিকায় শীর্ষে আছে, ২৩০ মৃত্যু নিয়ে এরপর দ্বিতীয় স্থানে আছে নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলেও মৃত্যুর সূচকটি অপরিবর্তিত রয়ে গেছে।
মঙ্গলবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭২ লাখ ৫০ হাজার এবং মৃত্যুর সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৫৯ জন ছিল।
এ দিন দেশটিতে ৭৯ হাজারের চেয়ে কিছু বেশি কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি ছিল; মধ্য নভেম্বরের পর থেকে দৈনিক সংখ্যার হিসাবে এটিই সবচেয়ে কম।