রোববার ভোরে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এই দুর্ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন উপজেলার নলবুনিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগম (১৮)।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সুমন বলেন, ভোর ৫টার দিকে তাদের বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ওই সময় ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি।
“ঘর থেকে বের হতে না পেরে পুড়ে মারা যান তারা।”
আগুনে একটি বসতঘর ও দুইটি আটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে বলেও তিনি জানান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন সুমন।
ওসি মাসুদুজ্জামান জানান, দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।