ক্যাটাগরি

নেইমারকে ছাড়াও শক্তিশালী পিএসজি: আলবা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াকে পাচ্ছে না পিএসজি। দুজনই চোট পেয়ে মাঠের বাইরে আছেন। তবে প্যারিসের ক্লাবটিতে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে বলে মনে করেন আলবা।

“ব্যক্তিগত ভাবনা থেকে বললে, প্রতিপক্ষ দলে নেইমারের মতো খেলোয়াড় না খেলা আমাদের জন্য ভালো দিক। রক্ষণ ও আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখা দি মারিয়ার না থাকাও পিএসজির জন্য বড় ক্ষতি। তবে, তাদের ছাড়াও পিএসজির মানসম্পন্ন সব খেলোয়াড় আছে। আমি নিশ্চিত, তাদের জায়গায় যারা খেলবে তারা একই বা সমপর্যায়ের হবে…চোটের কারণে আমাদেরও কিছু খেলোয়াড় নেই। তবে যারা আসছে তারা ভালো করছে।”

চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখেছিল বার্সেলোনা। শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছিল পিএসজি। কিন্তু ফিরতি পর্বে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালান দলটি; ৬-১ ব্যবধানে জিতে যায় কোয়ার্টার-ফাইনালে।

সেই ম্যাচের পর প্রথমবারের মতো আবারও একই মঞ্চে মুখোমুখি হচ্ছে দল দুটি। আলবার মতে, এবারও কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য।

“পিএসজিকে নিয়ে ভাবনা ২০১৭ সালের মতোই। এটা সত্যি যে খুব মানসম্পন্ন গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় তাদের দলে যোগ হয়েছে…সব প্রতিযোগিতাতেই তারা লড়াই করছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। চোটে খেলোয়াড় হারানোর পরও খুব কঠিন একটি ম্যাচ হবে।”