ক্যাটাগরি

পাট মজুদ রাখায় গুদাম সিলগালা, ২৪ ঘণ্টায় বিক্রি শুরুর নির্দেশ

পাট অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খন্দকার সোমবার
বিকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করেন।   

পরে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সম্প্রতি পাটকলগুলোতে কৃত্রিম পাট সংকট সৃষ্টি
হয়েছে। এ সুযোগে মূল্য বাড়িয়ে মধ্যস্বত্বভোগীরা যাতে সুবিধা নিতে না পারে সেজন্য এক
মাসের বেশি পাট মজুদ না রাখার নির্দেশ জারি করে সরকার।

“নতুন নির্দেশনা অনুসারে কোনো ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে
১০০ মণের বেশি পাট এক মাসের বেশি মজুদ রাখতে পারবে না। কিন্তু নাজিরপুর বাজারের ওই
প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার মন পাট অন্তত ৪ মাস থেকে মজুদ রেখেছিল। এই কারণে প্রতিষ্ঠানটি
সিলগালা করে দেওয়া হয়।”

মঙ্গলবার থেকে বর্তমান বাজার মূল্যে পাট অধিদপ্তরের প্রতিনিধির
উপস্থিতিতে সমস্ত পাট বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সময় নাটোরের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খন্দকার
হাফিজুর রহমান ও নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান উপস্থিত
ছিলেন।