ম্যানহাটন ও কুইন্সের সাবওয়ে স্টেশনগুলোতে দুই ব্যক্তিকে খুন ও দুটি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তার রিগোবের্তো লোপেজের বিরুদ্ধে, জানিয়েছে বিবিসি।
নিউ ইয়র্ক শহর পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছুরির ছবি পোস্ট করেছে। হামলায় হতাহতরা সবাই গৃহহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরে থাকা রক্তমাখা কাপড় দেখে লোপেজকে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। সন্দেহভাজনের বয়স ২১ বছর এবং সে নিজেও গৃহহীন বলে জানিয়েছে তারা।
নিউ ইয়র্ক শহর পুলিশের কমিশনার ডেরমট শেয়া জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটে, আপার ম্যানহাটনের ওয়েস্ট ১৮১তম স্ট্রিট স্টেশনে মুখোশ পরা এক হামলাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। হাসপাতালে ভর্তি আহত এই ব্যক্তি সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, ওই দিন রাতে কুইন্সের ফার রকওয়ে-মট অ্যাভিনিউ স্টেশনে একটি ট্রেনে ছুরিকাঘাতে নিহত পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পাওয়া যায়।
এর দুই ঘণ্টা পর ম্যানহাটনের ২০৭তম স্ট্রিট স্টেশনে আরেকটি ট্রেনে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা ৪৪ বছর বয়সী এক নারীকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে চতুর্থ ঘটনায় ওয়েস্ট ১৮১তম স্টেশনে ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তির পিঠে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল আছে বলে পুলিশ জানিয়েছে।
এসব ঘটনার পর শনিবার নিউ ইয়র্ক শহর পুলিশ সাবওয়ে সিস্টেমে অতিরিক্ত ৫০০ কর্মকর্তাকে মোতায়েন করে।
গোয়েন্দারা জানিয়েছেন, সবগুলো হামলাই ট্রেনে অথবা স্টেশনে চালানো হয়েছে এবং বিনা উস্কানিতে করা হয়েছে। হামলাগুলো একই ব্যক্তি চালিয়েছে কিনা তারা সেটি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছিলেন তারা।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে নিউ ইয়র্ক নগর পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রায়ান ম্যাগি বলেন, “হামলার উদ্দেশ্য নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু যা আপনাকে আমি জানাতে পারি তা হল এগুলোর সবই অনর্থক হামলা ছিল। হতাহতদের কিছুই নেই, তারা কোনো উস্কানিও দেয়নি।”
এর আগে ২০১৯ সালের অক্টোবরে নিউ ইয়র্কের পুলিশ নগরীর চায়নাটাউন এলাকায় গৃহহীন ঘুমন্ত চার ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।