ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় পিটুনিতে মরল ‘বিপন্ন’ গন্ধগোকুল

নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে রোববার এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, “লাশখেকো
মনে করে স্থানীয়রা বিলুপ্তপ্রায় প্রাণি গন্ধগোকুলকে পিটিয়ে মেরেছে।

তিনি জানান, পিটিয়ে মারা প্রাণিটি গন্ধগোকুল। এটি লাশ খেকো নয়। প্রাণিটি
এখন বিলুপ্তির পথে। গন্ধগোকুল সাধারণ পাঁচ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

এমন প্রাণিকে সংরক্ষণ করা দরকার উল্লেখ করে তিনি বলেন, “আগে জানতে পারলে
আমরা প্রাণিটিকে জীবিত উদ্ধারের চেষ্টা করতাম।”

দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বনাঞ্চলের বাসিন্দা গন্ধগোকুল জাতীয় প্রাণীটির
বিশ্বে প্রায় ৬৬টি প্রজাতির মধ্যে বাংলাদেশে রয়েছে ছয়টি প্রজাতি বলে জানাচ্ছে বাংলাপিডিয়া।
তার মধ্যে নোঙর, খাটাশ  এবং বাগডাস প্রজাতি তিনটি
বিপন্ন বলেও উল্লেখ করা হয়েছে।

নাসিরনগরে পিটুনিতে মারা পড়া গন্ধগোকুলটি কোন জাতের জানতে চাইলে প্রাণিসম্পদ
কর্মকর্তা চন্দন তা নিশ্চিত করতে পারেননি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বলেন, বিলুপ্ত
প্রজাতির গন্ধগোকুলকে পিটিয়ে মারার ঘটনাটি খুবই দুঃখজনক। দেশের জীববৈচিত্র টিকিয়ে রাখতে
বিলুপ্ত এসব প্রাণিকে বাঁচিয়ে রাখতে হবে।

স্থানীয়রা জানিয়েছেন, চিতনা গ্রামের কবরস্থানে গন্ধগোকুল প্রাণিটিকে কবরের
মাটি খুঁড়তে দেখে স্থানীয়রা মনে করেন—লাশ খাওয়ার জন্য
কবর খুঁড়ছে। রোববার সকালে প্রাণিটিকে লাশ খেকো মনে করায় পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখে
এলাকার লোকজন।