মঙ্গলবার বিকালে আড়াইহাজারে কৃষ্ণপুরায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমদের বাড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের এ হামলায় যুবদলের কেন্দ্রীয় এক নেতাসহ আটজন আহত হয়েছে বলেছেন বিএনপির নেতারা।
তাদের অভিযোগ, হামলায় কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদ, জুয়েল আহমদ, আকবর হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, ইয়াছিন, কালামসহ আটজন আহত হয়েছেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপির নেতাকমীরা একটি অনুষ্ঠান করার সময় সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া কাঁচ ভাঙা হয়েছে।
“পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা চলে গেছে।”
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাংবাদিকদের জানান, তাদের কর্মী সভায় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তারা কয়েকটি মোটরসাইকেলসহ তার গাড়ি ভাংচুর করেছে এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমদ অভিযোগ করেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আড়াইহাজারে কৃষ্ণপুরায় তার বাড়িতে কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দাওয়াত খেতে আসেন।
“সে সময় সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি শরীফ এবং আওয়ামী লীগ নেতা শামীমের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়ির গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে।
“পরে তারা ভাত খাওয়া অবস্থায় কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের উপর হামলা চালায়।”
হামলাকারীরা নজরুল ইসলাম আজাদের পাজেরো জিপটিসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আহত বিএনপি ও যুবদলের নেতাদের উদ্ধার করে নিয়ে আসেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি শরীফ আহম্মেদ এবং আওয়ামী লীগ নেতা শামীম মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।