ক্যাটাগরি

উদ্ভিদ সংগনিরোধ উইং অটোমেশনে

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অটোমেশন কার্যক্রম উদ্বোধন
করা হয়।

দেশে উদ্ভিদ ও
উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি করার ক্ষেত্রে উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের সনদ নেওয়া বাধ্যতামূলক।
বিদেশি পোকামাকড় ও রোগবালাই যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্যই কাজ করে কৃষি
অধিদপ্তরের এই উইং।

এতদিন যে
কোনো পণ্যের আমদানি-রপ্তানির ছাড়পত্র ম্যানুয়ালি দেওয়া হত, যা ছিল গ্রাহকদের জন্য
সময় সাপেক্ষ।

বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০টি বিভাগে প্রায় ৪
হাজার আমদানিকারক এবং রপ্তানিকারক রয়েছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য আমদানি-রপ্তানির
সঙ্গে জড়িত।

অটোমেশন প্রক্রিয়া শুরু হওয়ায় আর কোনো ধরনের সনদ ম্যানুয়ালি
হবে না বলে অনুষ্ঠানে জানানো হয়।

এখন গ্রাহক অনলাইনেই এসব সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন
এবং সার্টিফিকেট সংগ্রহও করতে সক্ষম হবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর
রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
মহাপরিচালক মো. আসাদুল্লাহ অনুষ্ঠানে ছিলেন।

সভায় জানানো হয়, গ্রাহকের ব্যবহারিক অভিজ্ঞতা আরও সুন্দর
করার লক্ষ্যে থাকছে কল সেন্টার সেবা। গ্রাহকের যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর মিলবে
এই কল সেন্টারে।

এছাড়া অনলাইনে ট্রেজারি ফিও জমা দেওয়া যাবে।

কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, “আজ থেকে সকল প্রকার রেজিস্ট্রেশন
এবং আবেদন প্রক্রিয়াকরণ শুধু অনলাইনে সম্পন্ন হবে। ফলে আমরা পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা নিশ্চিতসহ রাজস্ব ফাঁকি
বন্ধ করতে সক্ষম হব।”