নিহত শুভ সরকার (২৬) পেশায় গাড়িচালক। করোনাভাইরাস মহামারীতে চাকরি হারিয়েছিলেন তিনি।
সোমবার রাত ১০টার দিকে রায়েরবাজারে এই হত্যাকাণ্ড ঘটে বলে বলে মোহাম্মদপুর থানার এসআই পবিত্র সরকার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুভর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে মোবাইলে একটি ফোন পেয়ে বাসা থেকে বের হন শুভ। আধা ঘণ্টা পর তার আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাত ভাই দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোন পেয়ে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শুভ ভাই তার মাকে ফোন দিয়ে বলেন, মা আমি বিপদে আছি। কমিউনিটি সেন্টারের গলিতে আছি আমাকে বাঁচাও।
“এরপর ফোন রেখে দেয়। আর ফোন করলেও ধরে নাই।”
তিনি জানান, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার আগে এক চিকিৎসকের গাড়ি চালাতেন শুভ। লকডাউনের মধ্যে চাকরি হারান তিনি।
মোহাম্মদপুরের রায়েরবাজারেই পরিবারের সাথে থাকতেন শুভ। তার স্ত্রী ও সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
শুভর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে এসআই পবিত্র সরকার জানিয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।