ক্যাটাগরি

টেরই পাইনি, টিকা নিয়ে বললেন পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এ টিকা নেন তিনি।

টিকা নেওয়ার পর তিনি বলেন, “আমাকে যে নারীর টিকা দিয়েছেন তিনি খুবই দক্ষ। আমি টেরই পাই নাই। সহজ, একেবারে টেরই পাইলাম না, হয়ে গেল।”

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত এই কর্মসূচিতে টিকা দেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা।

টিকা দেওয়ার ক্ষেত্রে সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকাদান শুরুর দুই সপ্তাহের মাথায় ১৫ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও সুচারুভাবে টিকাদান কর্মসূচির চলার কথা শোনা যাচ্ছে।

“পৃথিবীর মধ্যে মাত্র ৩০-৩৫টি দেশে টিকা আছে। উন্নত দেশেও অনেকে ভ্যাকসিন পায় নাই। আমরা আমাদের প্রধানমন্ত্রীর দুরদর্দিশার জন্য… প্রথম দিন থেকে তিনি বলেছেন, ‘ভ্যাকসিন বের হলেই যাতে আমরা পাই’। সেজন্য ভ্যাকসিন তৈরি হওয়ার আগে বাংলাদেশ বিভিন্ন সংস্থা, দেশ এবং উৎসের সঙ্গে যোগাযোগ রেখেছি।”

সব দেশ যাতে ভ্যাকসিন পায়, সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা মনে করি, এটা জনগণের সম্পত্তি, কেউ যাতে পেছনে পড়ে না থাকে এবং ভ্যাকসিন পায়।

“বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, একটি লোক যদি অসুস্থ থাকে তাহলে এই রোগ দূর হয় নাই। আমরা এজন্য প্রত্যেক লোককে ভ্যাকসিন দিতে চাই। এজন্য আমাদের প্রয়োজন প্রত্যেক দেশের সঙ্গে বড় অংশীদারিত্ব। রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি আমরা চাই, প্রত্যেক দেশের, যে পারবে একে অপরকে সাহায্য করবে এ ব্যাপারে। এটা ব্যাপারে কেউ ছাড় দেওয়া উচিত না।”

আমেরিকা থেকেও কিছু প্রবাসী টিকা থেকে বাংলাদেশে আসার খবর দিয়ে মোমেন বলেন, “আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমেরিকা থেকে এদেশে আসছেন কেন, ভ্যাকসিন নিতে? বলল, ’ওখানে ভ্যাকসিন কত মাস পরে যে দিবে, আমি জানি না। এ ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।”

বিদেশি মিশনের কর্মীরা কোন প্রক্রিয়ায় টিকা নিবে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয় প্রত্যেকটি মিশনকে জানিয়ে দিয়েছে, ’অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে। তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে চলে আসবে। হাসপাতাল সব সময় প্রস্তুত ভ্যাকসিন দেওয়ার জন্য।

যারা কূটনীতিক নন, তাদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সরকার করে দিবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের জন্য সেদেশের স্পুটনিক-৫ টিকা আনার অনুমোদন দেওয়া হয়েছে।

”যারা ডিপ্লোমেট না, তাদেরকেও কীভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি, সেটা নিয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিব। আমরা তাদেরও সহযোগিতা করব।”