ক্যাটাগরি

কোভিড বিধি ভেঙে বিপাকে ওয়াহাব-স্যামি

দুজনকেই এখন কোয়ারেন্টিনে থাকতে হবে তিন দিন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তাই অধিনায়ককে মাঠে পাবে না পেশাওয়ার, ডাগ আউটে থাকবেন না কোচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের নিষ্ঠাভরে কোভিড বিধি মানতে নির্দেশনা দেওয়ার তিন দিন পরই বিধি ভাঙার এই ঘটনা জানা গেল।

ইএসপিএনক্রিকইনফোর খবর, শুক্রবার দলের জৈব-সুরক্ষা বলয়ের বাইরের একজনের সঙ্গে দেখা করেছিলেন ওয়াহাব ও স্যামি। এই দুইজনের কাণ্ডে বিবৃতি দিয়ে হতাশা প্রকাশ করে পিসিবি।

করাচিতে পিএসএলের ষষ্ঠ আসর শুরু শনিবার। পেশাওয়ার রোববার খেলবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ, লাহোর কালান্দার্সের বিপক্ষে। ওয়াহাবের অনুপস্থিতিতে এ ম্যাচে অধিনায়ক কে হবেন, এখনও জানায়নি পেশাওয়ার।

ওয়াহাব-স্যামিকে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হলে কোয়ারেন্টিনের তিন দিনে দুইবার কোভিড নেগেটিভ হতে হবে।

আসর শুরুর আগেই লাহোর কালান্দার্সের একজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে রাখা হয়েছে ১০ দিনের আইসোলেশনে।