ক্যাটাগরি

গাজীপুরে অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

শহরের কোনাবাড়ী ও বাঙ্গালগাছ এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল- মো. জামাল উদ্দিন (৪৩), মো. আসাদুজ্জামান ওরফে এরশাদ (৩০), মো. সাব্বির আহম্মেদ পলাশ (৩৫), মো. আতিকুল ইসলাম অপু (৪০) ও আব্দুর রহমান (৩৮), মো. আলী হোসেন (২৫), আক্তার হোসেন (২৪), ইমন (২২), আকরাম মিয়া (২৫) ও সুজন (২৬)।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, “গোপন খবরে শনিবার ভোরে কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডের সামনে অভিযান চালানো হয়।

“এ সময় একটি পিকআপ, রড, চাপাতি, দা, রশি, লোহার পাইপসহ পাঁজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তররা প্রায়ই এসব মহাসড়কের বিভিন্ন পন্যবাহী ও গরুর ট্রাককে ডাকাতি করতেন  বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া শুক্রবার রাত ১১টার দিকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে পাঁচ ডাকাততে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, যাত্রীবেশে পাঁচ ডাকাত শিববাড়ি মোড় থেকে বাঙ্গালগাছ যাওয়ার কথা বলে স্থানীয় অটো চালক মিলন মিয়ার (২৬) অটোরিকশা ভাড়া নেয়। পরে তারা বাঙ্গালগাছ ব্রিজের কাছে পৌঁছালে চালককে কুপিয়ে জখম করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার  চেষ্টা করে।

এ সময় টহল পুলিশ ধাওয়া করে অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার এবং আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান রফিকুল।