আইপিএলে দল পেয়েছেন কেবল
সাকিব আল হাসান ও মুস্তাফিজ। টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে
দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের
সঙ্গে গত সোমবার কথা বলেন মুস্তাফিজ। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দেন নাজমুল।
পরদিন নিউ জিল্যান্ডের উদ্দেশে
দেশ ছাড়ার আগে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে মুস্তাফিজ জানান, দেশই তার কাছে আগে।
“যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে…, বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না
হওয়ার তো কিছু নাই।”
“সবার আগে আমার দেশের
খেলা। যদি টেস্ট দলে না থাকি, আমি
বিসিবিকে বলবো। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশই আগে। দেশের
হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।”
এবারের আইপিএলের নিলামে
মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি
টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট
সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার
জন্য।
মুস্তাফিজ বিসিবির লাল বলের
চুক্তিতে ছিলেন না গতবছর। কোনো টেস্ট তাকে খেলানোও হয়নি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের
সঙ্গে সিরিজে প্রথম টেস্টে তাকে মাঠে নামানো হয়। শ্রীলঙ্কা সফরেও তাকে দলে রাখার
সম্ভাবনা যথেষ্টই।
সাকিবকে ছুটি দেওয়ার পরই
বোর্ড জানিয়েছিল, চাইলে যে
কাউকে ছুটি দেওয়া হবে। সোমবার বিসিবি সভাপতি এটিও জানিয়ে দেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ঠিক করা হবে সামনের চুক্তি। যে
ক্রিকেটার যে সংস্করণে খেলতে চান, তাকে
সেখানেই রাখা হবে। চুক্তিতে সই করলে তা পুরোপুরি মানতে হবে।