ক্যাটাগরি

ঢাকায় গ্রিসের আবাসিক মিশন চালু করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে নিযুক্ত গ্রিসের অনাবাসিক
রাষ্ট্রদূত দিনোয়সিওসিস কিভেতস মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিতে
গেলে এ বিষয়ে তাদের মধ্যে কথা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি
বলেন, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা
রয়েছে।

“এ সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকায় গ্রিসের
আবাসিক মিশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপতি আশা করেন গ্রিস সরকার এ ব্যাপারে
শিগগিরই ইতিবাচক পদক্ষেপ নেবে।

রাষ্ট্রপতি বলেন, প্রাচীন গ্রিক সভ্যতা
এবং গ্রিসের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে বাংলাদেশের জনগণ অনেক আগ্রহী।

তিনি আরও বলেন, গ্রিসে অনেক বাংলাদেশি
কাজ করছে এবং এর মাধ্যমে তারা দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে।

রোহিঙ্গা সমস্যার উল্লেখ করে রাষ্ট্রপতি
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, গ্রিসসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যার সমাধানে সর্বাত্মক
প্রয়াস নেবে।

গ্রিসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন,
তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন খুলতে আগ্রহী এবং এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ
নেওয়া হবে।

তিনি করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের
সাফল্যের প্রশংসা করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া,
সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন,
সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত
ছিলেন।