বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তিনি এ মামলার আর্জি জমা দেন।
রাকিবের আইনজীবী ইসরাত হাসান বলেন, “বিচারক বাদীর জবানবন্দি শুনেছেন। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।”
রাকিকের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছিলেন।
মামলার আর্জিতে বলা হয়, তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।
তামিমা পেশায় একজন কেবিন ক্রু, একটি বিদেশি এয়ারলাইন্সে তিনি কাজ করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে গতবছর মার্চে সৌদি আরবে গিয়ে তিনি লকডাউনে আটকা পড়েন। তবে ফোন ও সোশাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ ছিল বলে রাকিবের ভাষ্য।
তিনি বলছেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখান থেকেই বিষয়টি তিনি জানতে পারেন।
রাকিবের অভিযোগ, আগের বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নতুন বিয়ে করেছেন, যা ‘অবৈধ’।
মামলার আর্জিতে দণ্ডবিধির ৪৯৪ ও ৪৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে নাসির ও তামিমার বিরুদ্ধে, যাতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের করাদণ্ড ও অর্থদণ্ডের সুযোগ রয়েছে।
মামলার আবেদনের বিষয়ে এ বিষয়ে নাসির বা তামিমার বক্তব্য জানা যায়নি।