ক্যাটাগরি

ভারতে উচ্চশিক্ষা নিয়ে ঢাকায় মেলা

প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
কলেজে উচ্চ শিক্ষায় সুযোগ সম্পর্কে জানাতে ভারতীয় দূতাবাসের সহযোগিতায়, এডুকেশন এক্সিলেন্স
নামক প্রতিষ্ঠানের আয়োজনে ২৬ এবং ২৭ ফেব্রুয়ারী রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে সকাল
১০টা থেকে ৬টা পর্যন্ত ‘এডুকেশন মিট’ চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারত সরকার স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচীর বিভাগীয় প্রধান সন্দীপ
গোয়েল এবং এডসিলের নির্বাহী পরিচালক ড. ঊত্তম বি সাপাতি।

স্টাডি ইন ইন্ডিয়া প্রকল্পের প্রধান সন্দীপ
গোয়েল বলেন, “এটি (এডুকেশন মিট) বাংলাদেশের শিক্ষার্থীদেরকে দেশের বাইরে ভারতের উচ্চ
শিক্ষার সুযোগের পরিধি সম্পর্কে জানাবে।”

এডসিল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. উত্তম
বি সাপাতে বলেন, “এখানে বিদেশী শিক্ষার্থীদের জন্য দুই হাজারের বেশি শিক্ষাবৃত্তি রয়েছে।
বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা অবশ্যই সে বৃত্তি পাবে। এবং যোগ্য শিক্ষার্থীদেরকে
স্টাডি ইন ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।”

ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে
২০১৮ সাল থেকে শুরু হওয়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ কর্মসূচীটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদেরকে
ভারতে উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষাবৃত্তির মাধ্যমে উৎসাহ প্রদান করে আসছে।

এখন পর্যন্ত, দক্ষিণ এশিয়া, আফ্রিকা,
দক্ষিণ-পুর্ব এশিয়া, কেন্দ্রীয় এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় ১৫০ দেশের শিক্ষার্থীরা
স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচীর আওতায় উচ্চ শিক্ষা গ্রহণ করেছে।

আয়োজকদের ভাষ্য আনুযায়ী, উচ্চ শিক্ষায়
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ অর্জনে ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগে এই
‘এডুকেশন মিট’ সহায়ক ভূমিকা পালন করবে।

আয়োজকরা আরও জানান, প্রকৌশল, ব্যাবসায়
প্রশাসন, উদীয়মান প্রযুক্তি, আইন এবং মানবিক অন্যান্য বিষয়ে ২৬শ’র বেশি কোর্সে শিক্ষাবৃত্তিসহ
ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে ভারতে।

ভারতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য
এক লক্ষ আসন রয়েছে। যার মধ্যে মেধাবীরা দুই হাজারের বেশি শিক্ষাবৃত্তি এবং ৬০ হাজারের
সুবিধা নিতে পারবেন টিউশন ফিতে। এখানে রয়েছে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের
সুযোগ ।

ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানরা একজন বিদেশী
ছাত্রের জন্য সর্বোচ্চ ৩৫শ’ মার্কিন ডলার সমপরিমাণ বার্ষিক শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন।
যার মধ্যে টিউশনফি, হোস্টেল এবং মেস ফি অন্তর্ভূক্ত।

শুক্রবার এই আন্তর্জাতিক শিক্ষা মেলার
উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

স্বাস্থ্যবিধি মেনে ‘এডুকেশন মিট’ প্রাঙ্গন
খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।