ক্যাটাগরি

রিয়াল দলে ফিরলেন বেনজেমা

গত ১৪ ফেব্রুয়ারি লিগে ভালেন্সিয়ার
বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে সবশেষ খেলেন বেনজেমা। তার অনুপস্থিতিতে সব প্রতিযোগিতা
মিলিয়ে পরের তিন ম্যাচে কেবল তিনবার জালের দেখা পায় রিয়াল, সবকটিই ম্যাচের দ্বিতীয়ার্ধে।
এর মধ্যে কেবল একটি গোল করেন দলের কোনো ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় রোববার রাত সোয়া নয়টায়
ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে আতলেতিকো ও রিয়াল।
এর আগের দিন সংবাদ সম্মেলনে বেনজেমার ফেরা এবং দলে তার গুরুত্ব তুলে ধরেন জিদান।

“আগামীকাল (রোববার) করিম আমাদের সঙ্গে থাকবে।
আমরা সবাই জানি, আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ- আমাদের খেলার ধরণের জন্য সে খুবই
গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন বল আমাদের দখলে থাকে।”

“তার খেলা দেখা ও তাকে কোচিং করানোটা আনন্দের।
যখন সে এখানে আসে তখন তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল এবং দশ বছরেরও বেশি সময়ে আমরা সবাই
দেখছি সে কীভাবে উন্নতি করেছে।”

গত মৌসুমে লিগ জয়ের পথে দলের সর্বোচ্চ
গোলদাতা ছিলেন বেনজেমা। এবারও সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন সর্বোচ্চ ১৭ গোল। দলের
৩০ শতাংশ গোলই তার, সঙ্গে পাঁচবার করেছেন গোলে সহায়তা।

চোটের জন্য এখনও দলের বাইরেই আছেন আরেক
ফরোয়ার্ড এদেন আজার। নেই প্রথম পছন্দের দুই ডিফেন্ডার অধিনায়ক সের্হিও রামোস ও রাইট-ব্যাক
দানি কারভাহালও।

২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের
শীর্ষে আতলেতিকো। ২৫ ম্যাচ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল।

রিয়াল জিতলে ব্যবধান কমে হবে দুই পয়েন্ট।
আর আতলেতিকো জিতলে এক ম্যাচ হাতে রেখেই ৮ পয়েন্ট এগিয়ে যাবে দিয়েগো সিমেওনের দল।