ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার শেষ
ষোলোর ফিরতি লেগে পোর্তোর বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে জেতে ইউভেন্তুস।
তবে প্রথম লেগে ২-১ গোলে হারায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ৪-৪। অ্যাওয়ে গোলে পিছিয়ে
থাকায় বিদায় নেয় পিরলোর দল।
গত আসরেও অ্যাওয়ে গোলে পিছিয়ে অলিম্পিক
লিওঁর বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ইউভেন্তুস। সেরি আয় সেবার দলটি নিজেদের
টানা নবম শিরোপা জিতলেও বরখাস্ত হন মাওরিসিও সাররি।
ইতালির ঘরোয়া প্রতিযোগিতায় আধিপত্য
ইউভেন্তুসের। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে তারা শিরোপা জিতেছে কেবল দুইবার। লিগ প্রতিদ্বন্দ্বী
এসি মিলান যেখানে ইউরোপ সেরা হয়েছে সাতবার।
চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতে মরিয়া
দলটি ২০১৮ সালে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে প্রতিযোগিতার সর্বোচ্চ
গোলতাদা ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টানে। আর গত বছর অগাস্টে কোচ হিসেবে সাররির জায়গায়
আসেন আগে কোনো কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা পিরলো।
পোর্তোর বিপক্ষে আলো ছড়াতে পারেননি ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে
দেওয়া সাক্ষাৎকারে পিরলো অবশ্য সাররির প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেন।
“আমি জানি না চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার
কারণে সাররি বরখাস্ত হয়েছিলেন কিনা…বর্তমানে আমি ইউভেন্তুসের কোচ এবং আমি দলের
জন্য কাজ করব, যেটা এই মৌসুম শেষেও চলবে।”
“চলতি মৌসুম দিয়ে কেবল শুরু হলো। আমাদের তরুণ
খেলোয়াড়েরা ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে…তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে।”
সেরি আয় টানা দশম শিরোপার অভিযানেও
ইউভেন্তুস বেশ পিছিয়ে। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে
পিছিয়ে তিনে। ইউরোপের অভিযান আগেভাগেই শেষ, এবার ঘরোয়া লিগটা ভালোভাবে শেষ করায় মনোযোগ
দিচ্ছেন পিরলো।
“ইউরোপিয়ান ম্যাচ ছাড়া পুরো সপ্তাহ কাজ করতে
হবে, এজন্য আমি খুশি নই। চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারলে ভালো লাগত।”
“এই হতাশা ভুলতে কিছুদিন সময় লাগবে। এরপর আমাদের
সামনে তাকাতে হবে এবং (সেরি আ) পয়েন্ট তালিকায় উপরে ওঠার চেষ্টা করতে হবে। আমরা এখনও
শিরোপা লড়াইয়ে আছি।”