ক্যাটাগরি

বাধ্যতামূ্লক ছুটিতে আইসিসির সিইও

ক্রিকইনফো ও ক্রিকবাজসহ বেশ কিছু সংবাদমাধ্যমে বুধবারের প্রতিবেদনে বিষয়টি
জানানো হয়েছে। আইসিসির পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সময়ে ২০১৯ সালে ডেভ রিচার্ডসনের জায়গায় প্রধান নির্বাহীর
দায়িত্ব নেন সাহনি। তার বিরুদ্ধে প্রাইসওয়াটারকুপার্স (পিডব্লিউসি) এর তদন্তে কর্মচারীদের
সঙ্গে বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে।

সিঙ্গাপুর স্পোর্টস হাবে থাকাকালীনও সাহনির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। আইসিসির
দুবাই অফিসের ৯০ শতাংশেরও বেশি কর্মচারী তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ করেছেন বলে
গণমাধ্যমের খবর।

তদন্ত প্রতিবেদনে আরও জানানো হয়, কার্যপরিচালনায় ক্ষেত্রে সাহনির কর্তৃত্বপরায়ন
আচরণ তার উত্তরসূরিদের চেয়ে অনেক আলাদা। আর তা ভালোভাবে নিতে পারেননি কর্মীরা।

কিছুদিন ধরেই ৫৬ বছর বয়সী সাহনি অফিসে অনুপস্থিত। মঙ্গলবার তাকে বাধ্যতামূলক
ছুটিতে পাঠিয়েছে আইসিসি।

চলতি মেয়াদে প্রধান নির্বাহীর পদে সাহনির এখনও এক বছর বাকি আছে। আইসিসির আগে
সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার আগে সিঙ্গাপুরে ইএসপিএন স্টার
স্পোর্টসের প্রধান হিসেবে কাজ করেছেন ১৭ বছর।