রাষ্ট্রপতি এক শোকবার্তায় প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বলে তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
এদিকে পৃথক শোকবার্তায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এই আইনপ্রণেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।