ক্যাটাগরি

জোড়া উদযাপন সফল করতে নগরবাসীর সহায়তা চান কাদের

বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

“এছাড়া নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানাচ্ছি।”

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেরসমূহের সরকারি ও দলের মূল কর্মসূচির সাথে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।”

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিল বিএনপি, তা এখনও বজায় রেখেছে।

“গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে, মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ অগাস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।”

রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “এখন ভ্যাট তাদের এত তিতা লাগছে কেন? বিএনপি নেতারা এখন নতুন করে কর ও ভ্যাট নিয়ে কথা বলছেন। উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়।”

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে। দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা যথাযথ পালনের আহ্বান জানাই। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”