ক্যাটাগরি

মহামারী: ‘ও’, ‘এ‘ লেভেল পরীক্ষা আটকে গেল

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে এ নির্দেশনা দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আগামী এপ্রিল থেকে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা হওয়ার কথা ছিল। 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষার লক্ষ্যে এবং এখনও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

“বর্তমান কোভিড-১৯ অতিমারীর কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও কেমব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় এ সময়ে দেশেও পরীক্ষাও গ্রহণ করা যুক্তিযুক্ত  হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় কেমব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষাসমূহ গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করলে গতবছর ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় গত এক বছর দেশে কোনো ধরনের পাবলিক পরীক্ষা হয়নি। এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল ঘোষণা করা হয় জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে।

মহামারীর কারণে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মে-জুন মাসের পরীক্ষাও বিশ্বব্যাপী বাতিল করা হয়েছিল গতবছর। পরে চারটি শর্ত দিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়।