ক্যাটাগরি

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যবসায়ী খুন

উপজেলার চাম্বল এলাকায় মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম (৩৪) চাম্বল বাজারে মুরগীর ব্যবসা করতেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে চাম্বল স্কুলের কাছে নুরুল ইসলামকে ছুরি মারা হয়।

স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল ইসলামের টাকা ও মোবাইল  ‘খোয়া গেছে’ জানিয়ে পরিদর্শক আজিজুল বলেন, “ধারণা করছি টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় বাধা দিলে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য নুরুল ইসলামের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।