ক্যাটাগরি

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বুধবার দুপুরে আগ্রাবাদে সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং
থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

নিহত যুবকের নাম হাশেম খান (৩৫); তিনি সাউন্ড সিস্টেমের কাজ করতেন বলে
জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, সওজ ভবনের সামনে রাস্তায় আগ্রাবাদ রঙ্গী পাড়ার একদল যুবক
মাইক বাজিয়ে মোটর সাইকেল ও বাই সাইকেল নিয়ে শোভাযাত্রা করছিল।

“এ সময় মোটর সাইকেল ও রিকশাআরোহী স্থানীয় তিনজনের সাথে তাদের কথাকাটাকাটি
হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নিলে হাশেম নিহত হয়, আরেকজন গুরুতর আহত হয়।”

নিহত হাশেমের শরীরে ছুরিকাঘাত এবং রিকশার লোহার পাতের আঘাতের চিহ্ন
আছে বলে জানান ওসি।

সংঘর্ষের পর পুলিশ উভয় পক্ষের ২৪ জনকে আটক করেছে বলে জানান ওসি মহসিন।

রুমেন চৌধুরী নামে এক ব্যক্তি জানান, তিনি সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার
ব্যবসা করেন। রঙ্গিপাড়ার শোভাযাত্রার জন্য সাউন্ড সিস্টেম ভাড়া নিয়েছিল। তারা পিকআপে
সাউন্ড সিস্টেমের সঙ্গে হাশেমকে রেখেছিল তা পরিচালনার জন্য।

“মারামারির মধ্যে সবাই পালিয়ে গেলেও হাশেম সাউন্ড বক্স নিয়ে গাড়িতে
ছিল। তখন তার ওপর হামলা করা হয়।”