ক্যাটাগরি

চট্টগ্রামে ছুরিকাঘাত করে ফোন ছিনতাই, গ্রেপ্তার ৭

এরা হলেন- মো. জাহিদ হোসেন (১৯), মো. সুমন ওরফে বিল্লা (২০), মো. অন্তর (২০), আশরাফুল (১৯), মো. রাহাত (২২), মো. শাহীন (৫৭) ও মো. মানিক (৩২)।  

রোববার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) আলী হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে লালখান বাজার-টাইগার পাস সড়কের বাটালি হিল সংলগ্ন ফুটপাথে সাফায়েত হোসেন সিফাতকে (১৮) ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় একদল তরুণ। গুরুতর আহত সিফাত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় সিফাতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়। গোয়েন্দা পুলিশের একটি দল দেওয়ান হাট ও খুলশী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে সরাসরি জড়িত জাহিদ, সুমন, অন্তর ও আশরাফুলকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনিয়ে নেওয়া মোবাইল ক্রেতা শাহীন ও মোবাইল মেকানিক মানিককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

উপ-কমিশনার আলী হোসেন বলেন, “ছিনিয়ে নেওয়া ফোনটি মানিকের কাছ থেকে এবং ছিনতাইয়ে ব্যবহৃত ছুরিটি ডবলমুরিং থানার দেওয়ানহাট সিএসডি গোডাউন সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়।”