ক্যাটাগরি

নারী পাচার: হাই কোর্টে জামিন মিলল নৃত্যশিল্পী ইভানের

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি
খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দেয়।

ইভানের জামিনের পক্ষে আদালতে শুনানি
করেন আইনজীবী তুষার রায়; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

অমিত দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, ইভান শাহরিয়ার সোহাগকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও
জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

“এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
তাকে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।”

বাংলাদেশি নারীদের সরলতার সুযোগ নিয়ে
দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোর করে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে গত বছর
২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির
সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ।

মামলার অপর আসামিরা হলেন- আলামিন
হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট),
আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।

এদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করার
পর তাদের জবানবন্দিতে নাম আসায় গত বছর ১১ সেপ্টেম্বর গুলশানের নিকেতনের বাসা থেকে ইভান
শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পরে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম
বেগম ইয়াসমিন আরা তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের
নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইভান শাহরিয়ার সোহাগ।

তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে
একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপ্রোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের
চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।