ক্যাটাগরি

বরগুনায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

অতিরিক্ত রোগী ভর্তির
কারণে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের বাইরে মেঝেতে রেখে চিকিৎসা দিতে
হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক
ডা. সোহরাব উদ্দীন বলেন, রোববার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত জেনারেল হাসপাতালে
৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।

গত ১ মার্চ থেকে রোববার
বেলা ১২টা পর্যন্ত এই জেনারেল হাসপাতালে ৪৮১ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয় বলে এই
চিকিৎসক জানান।

ডা. সোহরাব উদ্দীন
বলেন, এভাবে ডায়রিয়ার রোগীর চাপ ইতিপূর্বে কখনও হয়নি। এখনই হাসপাতালে আইভি
স্যালাইনের [শিরায় দেওয়ার স্যালাইন] সংকট সৃষ্টি হয়েছে। স্থান সংকুলান হচ্ছে না।

“জনবল সংকটের মধ্যে
করোনায় আক্রান্তদের সেবা দেওয়ার পাশাপাশি আমাদের সাধারণ রোগীদেরও সেবা দিতে হচ্ছে।”

বরিশাল বিভাগীয়
স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস রোববার বরগুনায় ডায়রিয়া পরিস্থিতি দেখতে এসেছেন।

এ সময় তিনি সাংবাদিকদের
বলেন, দূষিত পানি, খোলা খাবার আর গরমের কারণে হঠাৎ করে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে বলে
ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কারণ জানার
চেষ্টা করা হচ্ছে।