তার জামাতা আনোয়ারুল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১২টা দিকে মীরপুরের বাসায় তার শ্বশুরের মৃত্যু হয়।
নুরুল হুদা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবারের সদস্যরা জানান, বিকালে জাতীয় প্রেসক্লাবে এবং মাগরিবের পর মীরপুরের জানাজা শেষে বনানী কবরাস্থানে দাফন করা হবে নুরুল হুদাকে।
১৯৪৯ সালের ১ মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগরের বাড়িখালে নুরুল হুদার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করে ১৯৭৩ সালে ডেইলি অবজারভারে তার সাংবাদিকতার শুরু।
পরে তিনি ডেইলি স্টার, ডেইলি টেলিগ্রাফ, ইনডিপেনডেন্টে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। জাপানের একটি সংবাদ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৯১ সালে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে যোগ দেওয়ার পর ওই প্রতিষ্ঠান থেকেই ২০০৮ সালে বিশেষ প্রতিনিধি হিসেবে অবসরে যান নুরুল হুদা।
২০০১ সালে বিএনপির শাসনামলে বাসসের প্রতিনিধি করে তাকে দিল্লি পাঠানো হয়েছিল।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি হুদা মীরপুরে সাংবাদিক গৃহায়ন সমিতির নেতৃত্বে ছিলেন। স্ত্রী ও তিন মেয়েকে রেখে গেছেন তিনি।