ক্যাটাগরি

ভুয়া তথ্য ছড়াচ্ছেন অভিযোগে মাদুরোর ফেসবুক একাউন্ট স্থগিত

শনিবার ফেসবুকের এক মুখপাত্র এ তথ্য জানান।

গত জানুয়ারি থেকে ‘কারভাটিভির’ নামে একটি ভেষজ ওষুধকে করোনাভাইরাসের বিরুদ্ধে ‘জাদুকরী’ ওষুধ বলে প্রচার চলাচ্ছেন মাদুরো। তিনি বলছেন, সুগন্ধযুক্ত পত্রগুল্ম থাইম থেকে তৈরি মুখে খাওয়ার ওই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

কিন্তু চিকিৎসকরা বলছেন, মাদুরোর এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

সম্প্রতি ফেসবুক থেকে ‘কারভাটিভির’ প্রচার চালানো মাদুরোর একটি ভিডিও মুছে দেওয়া হয়েছে। ভিডিওতে মাদুরোকে বলতে শোনা যেত, ‘‘এটি এমন একটি ওষুধ যেটি নিশ্চিতভাবে আপনাকে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে অথবা আপনি যদি আক্রান্ত হন তবে এটা আপনাকে কোভিড-১৯ থেকে নিশ্চিতভাবে সুস্থ করে তুলবে।”

ফেসবুক কর্তৃপক্ষ বলেছেন, মাদুরোর ওই ভিডিও তাদের ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে গ্রহণ করা নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুসরণ করি এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী এখনো করোনাভাইরাসের বিরুদ্ধে নিশ্চিতভাবে কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি।

‘‘যেহেতু তিনি বার বার আমাদের নিয়ম লঙ্ঘন করেছেন। তাই আমরা ৩০ দিনের জন্য তার ফেসবুক একাউন্ট বন্ধ করে দিয়েছি।”

তবে ফেসবুক একাউন্ট বন্ধ করলেও তাদের মালিকানাধীন ইন্সটাগ্রামে মাদুরোর একাউন্টটি সচল আছে।

এ বিষয়ে জানতে রয়টার্স থেকে মাদুরোর তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। মাদুরো সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয়।

ভেনেজুয়েলায় সরকারি হিসাব মতে শুক্রবার পর্যন্ত এক লাখ ৫৪ হাজার ৯০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ১,৫৪৩ জন। যদিও বিরোধী দলগুলোর অভিযোগ, যদি ঠিকঠাক পরীক্ষা করা হতো তবে উভয় সংখ্যাই আরো অনেক বেশি হতো।