মঙ্গলবার সকাল ১১টার দিকে মোংলা বন্দরের বানিয়াশান্তা কাটাখালী এলাকায় চারশ মেট্রিক টন কয়লাসহ ‘এমভি ইফসিয়া মাহিন’ নামের জাহাজটি ডুবে যায়।
তবে জাহাজে থাকা আট নাবিক সুস্থ আছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজ থেকে চারশ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ইফসিয়া মাহিন নামের একটি লাইটার জাহাজ যশোরের নওয়াপাড়া যাচ্ছিল।
“জাহাজটি পশুর নদের বানিয়াশান্তা কাটাখালী এলাকায় পৌঁছানোর পর বিকট একটি শব্দ হয়। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জাহাজটি পানির নিচে তলিয়ে যেতে থাকে।”
এই সময় জাহাজে থাকা ৭-৮ জন নাবিক নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে কূলে উঠেছে বলে তিনি জানান।
‘তলা ফেটে’ জাহাজটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
কমান্ডার ফকর উদ্দিন বলেন, নদীতে জোয়ারের প্রবল স্রোত থাকায় লাইটার জাহাজটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। তবে এটি বন্দর চ্যানেলের বাইরে রয়েছে। এতে বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো ধরনের ঝুঁকি নেই।
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জাহাজটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এমভি বিবি-১১৫৮ নামে একটি লাইটার জাহাজ আটশ মেট্রিক টন কয়লা নিয়ে পশুর নদের ইসমাইলের ডুবো চরে আটকে তলা ফেটে কাত হয়ে যায়।